রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহরিয়ার’র মৃত্যু

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার মৃত্যু বরন করেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ১১টা ৪৫ মিনিটে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর। কোভিড-১৯ এর উপসর্গ দেখা দেয়ায় শাহরিয়ারকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ইত্তেফাকের নির্বাহী সম্পাদক, ডেইল সানের প্রথম সম্পাদক ও চট্টগ্রাম-ভিত্তিক দৈনিক পিপল’স ভিউ পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন।
এছাড়াও তিনি বাংলাদেশ প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক সংবাদ পত্রিকা নিউজউইক, খালিজ টাইমস, ভারতের দৈনিক ডেকান হেরাল্ড, ইন্ডিয়ান এক্সপ্রেস ও এশিয়ান এজ, পাকিস্তানের মর্নিং নিউজ, ডন ও ইভিনিং স্টারে দায়িত্ব পালন করেন। এছাড়াও বরেণ্য এই সাংবাদিক টরেন্টো-ভিত্তিক কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ)’র ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট এমেরিটাস ছিলেন। শাহরিয়ার জাতীয় প্রেসক্লাবের ১৯৯৩-৯৪ মেয়াদের ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এক শোক বার্ত ায় রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধার সাথে সাংবাদিকতার ক্ষেত্রে শাহরিয়ারের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘দেশের সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের ভূমিকা দীর্ঘদিন ধরে স্মরণ করা হবে। রাষ্ট্রপ্রধান মরুহুমের রুহের মাগফিরাত ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, দেশের সাংবাদিকতা পেশায় হাসান শাহরিয়ারের অবদান চির দিন স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএফইউজে এর শোক : জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ। নেতৃদ্বয় শনিবার এক শোকবার্তায় বলেন, মেধাবী ও প্রতিভাবান সাংবাদিক হাসান শাহরিয়ার ছিলেন মুক্তিযুদ্ধের সপক্ষের সাংবাদিকদের অন্তর্গত শক্তি। তিনি ছিলেন আলোকবর্তিকাতুল্য একজন অভিভাবক, যাকে সাংবাদিক সমাজ দুঃসময়ে কাছে পেয়ে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার শক্তি সঞ্চয় করতে পারতো। তার মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হলো।
নেতৃদ্বয় বলেন, কূটনৈতিক সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ সাংবাদিক হাসান শাহরিয়ার ইত্তেফাকের পাশাপাশি আন্তর্জাতিক সাময়িকী নিউজ উইক, আরব নিউজ, ডেকান হ্যারাল্ডসহ বিভিন্ন পত্রিকায় বাংলাদেশের প্রতিনিধি ছিলেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃদ্বয়।
