সর্বশেষঃ

ভেদুরিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥
ভোলার ভেদুরিয়ায় দীর্ঘদিন ধরে চলমান বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও বিদ্যুৎ গ্রাহকরা। রোববার রাতে ভেদুরিয়ার ব্যাংকেরহাট বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয়দের অভিযোগ, দিনের পাশাপাশি রাতেও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এতে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। বাজারে ব্যবসায়ীরা রাতে ব্যাংকেরহাট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্যাংকেরহাট কলেজ সংলগ্ন পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার বলেন, দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ চলে যায়। এই গরমে শিশু ও বয়স্ক মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে।
ব্যবসায়ী রুবেল বলেন, লোডশেডিংয়ের কারণে দোকানে ঠিকমতো ব্যবসা করা যায় না। ফ্রিজে রাখা খাবার ও ঠান্ডা পানীয় নষ্ট হয়ে যাচ্ছে। অথচ নিয়মিত বিল পরিশোধ করেও আমরা সেবা পাচ্ছি না।
শিক্ষার্থী শশী বলেন, সামনে পরীক্ষা। রাতে বিদ্যুৎ না থাকায় পড়াশোনা করতে পারছি না। অনেক সময় মোবাইলের আলো দিয়ে পড়তে হয়।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে বাজারে ব্যবসায়ীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানান, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে ব্যাংকেহাট বাজারসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। বর্তমানে বোরহানউদ্দিন থেকে বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানে কাজ চলমান রয়েছে। তারা আশা প্রকাশ করেন, খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।