জেলা প্রশাসকের দাবি বাস্তবায়নের আশ্বাসে ভোলার যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

ভোলা জেলা প্রশাসকের দাবি বাস্তবায়নের আশ্বাসে আমার অনশন প্রত্যাহার করেছেন যুবকরা। ভোলা সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ স্থাপন, অব্যবস্থাপনা দূরীকরণসহ চার দাবিতে মঙ্গলবার আমরণ অনশনে বসেছেন যুবকরা। আজ ববুধবার রাতে জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে জুস পান করানোর মধ্য দিয়ে অনশন ভঙ্গ করান।
আইসিইউ ও সিসিইউ স্থাপনসহ চার দফা দাবিতে টানা ২৮ দিন আন্দোলনের পর মঙ্গলবার আমরন অনশনে বসে ভোলার কয়েক যুবক। দুই দিন অতিবাহিত হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন অনশনকারীদের দু’জন। বিষয়টি জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বেলাল হোসেন এর মাধ্যমে অনশনকারীদের খোঁজখবর নেন। পরে জেলা প্রশাসক অনশনকারীদের সাথে বিস্তারিত আলাপ করে তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, আপনাদের সকল দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে যথাযথ নিয়মে আবেদন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে তাতে আশ্বাস মিলেছে। আশা করছি আইসিইউ এবং সিসিইউ অল্প সময়ের মধ্যে স্থাপন হবে। ডাক্তার নার্স নিয়োগ ও অব্যবস্থাপনার বিষয়ে তড়িৎ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেলা প্রশাসকের এমন আশ্বাসে অনশনকারীরা অনশন প্রত্যাহারে রাজি হন। পরে জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, সিভিল সার্জন ডাক্তার মোঃ মুনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বেলাল হোসেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, ডাক্তার আরাফাতুর রহমান অনশনকারীদের জুস পান করানোর মধ্য দিয়ে অনশন ভঙ্গ করান।
এ সময় অনশনকারী নয়ন খান, রাকিব পালোয়ান, তানজীল শরীফ, ইয়ামিন বলেন, আমরা জেলা প্রশাসক সিভিল সার্জন সহ সকলের প্রতি শ্রদ্ধা রেখে, জেলা প্রশাসকের দাবি বাস্তবায়নের আশ্বাসে আমরণ অনশন প্রত্যাহার করলাম। আশা করি ভোলার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে আমাদের এই আমরণ অনশন মাইল ফলক হয়ে থাকবে।
