সর্বশেষঃ

ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে বাতিল হবে এনআইডির আবেদন

জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির আবেদন বাতিল করবে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা আবেদন নিষ্পত্তির লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনেক আবেদনকারী বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় তাঁদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে আবেদনের সংখ্যা বাড়লেও নিষ্পত্তির অগ্রগতি হচ্ছে না। এ পরিস্থিতি বিবেচনায় সমন্বয় কমিটির বৈঠকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য ছয় মাস সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।

আখতার আহমেদ বলেন, কাউকে অনির্দিষ্টকাল আবেদন পেন্ডিং অবস্থায় রাখার সুযোগ নেই। তাই বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন। তবে নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে আবার আবেদন করতে পারবেন বলেও জানান তিনি।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বলেন, অনলাইনে এনআইডির আবেদন করার পর বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য আবেদনকারীকে এসএমএস পাঠানো হয় অথবা ডেকে পাঠানো হয়। এরপরও কেউ সাড়া না দিলে এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে তাঁর আবেদন বাতিল করা হবে।

তিনি জানান, এ সিদ্ধান্তের ফলে এনআইডি পাওয়ার সুযোগ বন্ধ হবে না। আবেদন বাতিল হওয়া ব্যক্তি পরবর্তী সময়ে চাইলে নতুন করে আবেদন করতে পারবেন।

নির্বাচন কমিশনে এখন পর্যন্ত এনআইডি সংশোধনের জন্য ৬৫ লাখ ১৫ হাজার ৮৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ১ লাখ ১৯ হাজার ৮৭৪টি। বাকি আবেদনগুলো নিষ্পত্তি করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।