বোরহানউদ্দিনে উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিং ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

ড. মো: আবু বকর ,বিশেষ প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং লিড ব্যাংক হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংক বোরহানউদ্দিন শাখার ব্যবস্থাপনায় উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা, ব্যাংকিং ব্যবস্থাপনা ও ঋণ গ্রহণের সক্ষমতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় সরাসরি ও অনলাইন জুম প্ল্যাটফর্মের মাধ্যমে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মফিজুর রহমান খান চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ভোলা অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক ও জেলা লিড ব্যাংক উদ্যোগ ঋণ কর্মকর্তা দেবদাস সরকার।
বাংলাদেশ কৃষি ব্যাংক বোরহানউদ্দিন শাখার ব্যবস্থাপক ও উপজেলা লিড ব্যাংক উদ্যোগ ঋণ কর্মকর্তা আশিকুল ইসলামের সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সরাসরি ৭৫ জন এবং অনলাইনে ১০০ জনসহ মোট ১৭৫ জনের বেশি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ সেশনে উদ্যোক্তাদের ব্যবসায়িক আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, ব্যাংক হিসাব খোলার নিয়মাবলি, ট্রেড লাইসেন্স সংগ্রহ ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া ব্যাংক ঋণ গ্রহণের জন্য কার্যকর ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, ঋণের যোগ্যতা ও পরিশোধের সক্ষমতা বৃদ্ধি, দৈনন্দিন হিসাব সংরক্ষণ, নগদ প্রবাহ (Cash Flow) ব্যবস্থাপনা, আর্থিক বাজেট প্রণয়ন এবং ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার নিয়ে উদ্যোক্তাদের বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা জানান, উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও সুসংগঠিত, স্বচ্ছ ও ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ, ঋণের সঠিক ব্যবহার এবং সময়মতো ঋণ পরিশোধের মাধ্যমে একটি টেকসই উদ্যোক্তা কাঠামো গড়ে তোলার বিষয়েও অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বিভিন্ন ব্যাংকে উদ্যোক্তা ঋণের জন্য আবেদনকারীদের সমন্বয় করে এই প্রশিক্ষণে সম্পৃক্ত করা হয়েছে।
এ ধরনের যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের আর্থিক জ্ঞান এবং ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
