ভোলায় যুবদের অধিকার, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে ভোলায় যুবদের অধিকার, জেন্ডার সমতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোলা সদরের গ্রামীণ জনউন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কক্ষে এ সভার আয়োজন করা হয়।
Youth Share-Net Project-এর আওতায় আয়োজিত ‘Establishing a Localised Youth and SRHR Network through the Celebration of National Youth Day 2026’ শীর্ষক এ কার্যক্রমের আয়োজন করে রেডঅরেঞ্জ। এপ্লিফাই চেইঞ্জের সহযোগিতায় এবং অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস)-এর বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ভোলা জেলার বিভিন্ন পর্যায়ের যুব প্রতিনিধি, যুবনেতা, যুব সংগঠনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক, সাংবাদিক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR), জেন্ডার সমতা, কৈশোরকালীন স্বাস্থ্য, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নিরাপদ স্যানিটেশন বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ, কৈশোরকালীন গর্ভধারণ, মাসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক সংকোচ ও ভুল ধারণা দূর করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
যুব ও কিশোর-কিশোরীদের জন্য বয়সোপযোগী, বিজ্ঞানভিত্তিক তথ্য এবং যুববান্ধব স্বাস্থ্যসেবা সহজলভ্য করার ওপরও গুরুত্ব দেন বক্তারা। নিজেদের স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সভায় বিশেষ গুরুত্ব পায় প্রযুক্তি-সুবিধাপ্রাপ্ত জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV)। সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন হয়রানি, সাইবার বুলিং, সাইবার স্টকিং, ব্যক্তিগত ছবি ও তথ্যের অননুমোদিত প্রচার এবং অনলাইন ব্ল্যাকমেইলসহ বিভিন্ন ধরনের ডিজিটাল সহিংসতা নিয়ে আলোচনা করা হয়।
বিশেষ করে তরুণী ও কিশোরীদের অনলাইন নিরাপত্তা, ডিজিটাল গোপনীয়তা, সম্মতি এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একই সঙ্গে অনলাইন সহিংসতার শিকার হলে সহায়তা ও প্রতিকার পাওয়ার বিষয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ফরিদ উদ্দিন এবং ভোলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন। এ ছাড়া ভোলা জেলা ও উপজেলার যুব প্রতিনিধি, সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং আভাসের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় স্থানীয় পর্যায়ে একটি অন্তর্ভুক্তিমূলক যুব ও SRHR নেটওয়ার্ক গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ নেটওয়ার্কের মাধ্যমে যুবদের মধ্যে নিয়মিত যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময়, তথ্য আদান-প্রদান এবং সচেতনতামূলক যৌথ কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
তাঁরা জানান, Youth Share-Net Project-এর এ উদ্যোগের মূল লক্ষ্য যুবদের নিজেদের স্বাস্থ্য, অধিকার ও নিরাপত্তা বিষয়ে সচেতন করার পাশাপাশি সামাজিক পরিবর্তনে সক্রিয় নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের অংশীদার হিসেবে গড়ে তোলা। ভোলায় যুব নেতৃত্ব বিকাশ, SRHR বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর যুব নেটওয়ার্ক গঠনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
