বোরহানউদ্দিনে ২০টি পূজামণ্ডপ পরিদর্শন, ৯০০ পরিবারের হাতে উপহার ও নগদ অর্থ দিলেন এমপি হাফিজ ইব্রাহিম
বৃক্ষরোপনে সপ্তমে বরিশাল, অস্টমে ভোলা

বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হলো প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ ‘সবুজে সাজাই বাংলাদেশ-বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’। দেশকে সবুজ ও বাসযোগ্য করে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে দেশব্যাপী প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দীর্ঘ চার মাস ধরে পরিচালিত এই সবুজ অভিযানে সারা দেশে রোপণ করা হয়েছে প্রায় ২৫ লাখ গাছের চারা।
পরিবেশ সুরক্ষায় এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ সংখ্যক বৃক্ষরোপণ করে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে দিনাজপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ক্লাবের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ৫০ হাজার টাকার বিশেষ পুরস্কার। একই সাথে দ্বিতীয় স্থান অর্জনকারী ভৈরব উপজেলা ক্লাব পেয়েছে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ৪০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী চুয়াডাঙ্গা জেলা ক্লাব অর্জন করেছে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ৩০ হাজার টাকা।
মেধা, শ্রম ও স্বেচ্ছাসেবায় অনন্য ধারাবাহিকতা বজায় রেখে তালিকায় ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারী বাকি সাতটি ক্লাবের প্রত্যেকটি পেয়েছে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ১০ হাজার টাকা করে পুরস্কার। ক্রমানুসারে এই তালিকায় স্থান পাওয়া ক্লাবগুলো হলো ৪র্থ কিশোরগঞ্জ, ৫ম নেত্রকোণা, ষষ্ঠ গাইবান্ধা, সপ্তম বরিশাল, অষ্টম ভোলা, নবম শেরপুর এবং ১০ম স্থান অর্জনকারী সাতক্ষীরা জেলা প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজ বাংলাদেশ গড়ার এই মহাসংগ্রামে যেসব ক্লাবের সদস্য ও স্বেচ্ছাসেবকরা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের সকলকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই সবুজ যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা করছেন সচেতন মহল।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সারা বাংলাদেশে সপ্তম স্থান অধিকার করেছে প্রকৃতি ও জীবন ক্লাব বরিশাল পাশাপাশি বর্ষসেরা ক্লাবে ভূষিত হয়েছে বরিশাল। ক্রেস্ট গ্রহণ করেন ক্লাবের সমন্বয়কারী সাংবাদিক সাঈদ পান্থ ও ক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার অমল কৃষ্ণ রায়। ক্রেস্ট প্রদান করেন চ্যানেল আই’র পরিচালক ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।
