বোরহানউদ্দিনে ২০টি পূজামণ্ডপ পরিদর্শন, ৯০০ পরিবারের হাতে উপহার ও নগদ অর্থ দিলেন এমপি হাফিজ ইব্রাহিম
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় ভোলা সুইমিং পুল কমপ্লেক্সে জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭ অর্থবছরের আওতায় ভোলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মুনতাসির আলম চৌধুরী রবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাপাতুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মার্শাল আর্ট কোচ ও প্রশিক্ষক আব্দুর রহমান হেলাল, সাতার প্রশিক্ষক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল মোমেন ও স্কাউট প্রশিক্ষক মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ২০০ জন প্রশিক্ষণার্থীর মধ্য থেকে বাছাই করে ৪০ জনকে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে। পর্যায়ক্রমে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ শরীর ও সুন্দর মানসিকতা গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক, ইভ টিজিং ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাঁতার প্রশিক্ষণের মতো উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়তা করবে। বক্তারা এ ধরনের ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
