যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি মনপুরায় চার বিদ্যালয়ের আন্তঃবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার মেঘনা নদীবেষ্টিত মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নে শিক্ষার্থীদের যুক্তিবোধ, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের দক্ষতা বিকাশে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কোস্ট ফাউন্ডেশন ও কমিউনিটি রেডিও মেঘনা ৯৯.০ এফএম-এর যৌথ উদ্যোগে ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি, গড়বো মোরা আগামীর সংহতি’ প্রতিপাদ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মনপুরা মাধ্যমিক বিদ্যালয়, ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী অংশ নেয়। বিতর্কে বাল্যবিবাহ, নারীর উচ্চশিক্ষা, নৈতিক মূল্যবোধ, মানসম্মত শিক্ষা এবং ইন্টারনেট ও সামাজিক
যোগাযোগমাধ্যমের ব্যবহার ও আসক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করে।
চমৎকার যুক্তি ও বিশ্লেষণ উপস্থাপন করে হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় সেরা তার্কিক নির্বাচিত হন হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাসনিম আক্তার।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামাল উদ্দিন। হাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরনবী, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহাবুবুল শাহীন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অধ্যক্ষ তুষার কান্তি।
এ ছাড়া কমিউনিটি রেডিও মেঘনার স্টেশন ম্যানেজার নিশি বেগম, কনিকা রানী, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কোস্ট ফাউন্ডেশনের প্রধান—জেন্ডার, পিএসইএএইচ, ট্রেনিং অ্যান্ড কমিউনিটি রেডিও তাহরিমা আফরোজ টুম্পা। শুরুতে মৌসুমি রানী রেডিও মেঘনার কার্যক্রম নিয়ে একটি প্রদর্শনী উপস্থাপন করেন।
স্বাগত বক্তব্যে তাহরিমা আফরোজ টুম্পা বলেন, দুর্যোগপ্রবণ উপকূলের কিশোর-কিশোরী ও তরুণদের দক্ষ ও সক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। বিতর্ক চর্চা শিক্ষার্থীদের মেধা, সম্ভাবনা ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী এ বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের স্বপ্নদ্রষ্টা। তরুণদের সমসাময়িক সামাজিক ও পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতন এবং দক্ষ করে তুলতেই এ আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি মো. কামাল উদ্দিন শিক্ষার্থীদের মেধা ও যুক্তিনির্ভর চিন্তার বিকাশে এমন উদ্যোগের প্রশংসা করেন। সভাপতির বক্তব্যে ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, বুদ্ধি ও দক্ষতার পরিধি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আত্মবিশ্বাসী নেতৃত্ব গড়ে তুলতে সহায়তা করবে।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রতিটি বিদ্যালয়কে ৫ হাজার টাকা, রানার্সআপ দলকে ১০ হাজার টাকা এবং চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার টাকা অর্থ পুরস্কার ও ক্রেস্ট দেওয়া হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
