মনপুরায় মেম্বারকে মারধর করে গুরুতর জখম, মামলায় দুই আসামি গ্রেপ্তার

ভোলার মনপুরায় ইউপি সদস্য মো. শরিফকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) মনপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. ছালাউদ্দিন (৩৬) ও জুয়েল (২৫)। ছালাউদ্দিন কাজিরচর ২ নম্বর ওয়ার্ডের জবেদ আলীর ছেলে এবং জুয়েল কাজিরচর ১ নম্বর ওয়ার্ডের আমির হোসেন মাঝির ছেলে। তারা দুজনই কলাতলি ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শরিফ মেম্বারের কাছে আসামিরা চাঁদা দাবি করেন। পাশাপাশি তাঁর মহিষ নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় আসামিরা তাকে মারধর করে গুরুতর জখম করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে গুরুতর আহত শরিফকে চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গত ৩ অক্টোবর মনপুরা থানায় মামলা করেন ভুক্তভোগীর স্বজন। মামলায় ছালাউদ্দিন ও জুয়েলসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, গুরুতর জখমের মামলায় এজাহারনামীয় দুই পলাতক আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
