তথ্য মন্ত্রীর উদ্যোগে চার ধাপে ১৩ ইউনিয়নে চিকিৎসাসেবা, বিনামূল্যে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধ

মঞ্জুর আলম: ভোলায় সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ’র উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের প্রথম ধাপের কার্যক্রম শেষ হয়েছে।
শনিবার ভোলা সদর উপজেলার ভেদুরিয়া, ভেলুমিয়া ও চর সামাইয়া ইউনিয়নে পৃথক মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এসব ক্যাম্পে শিশু, নারী ও পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসা নিতে ভিড় করেন। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়।
নারী ও পুরুষ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দিনভর রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। দূর-দূরান্ত থেকে আসা নিম্নআয়ের মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন জানান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ’র উদ্যোগে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে চার ধাপে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। প্রায় ২০ হাজার মানুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও সেই লক্ষ্যমাত্রার চেয়েও বেশি মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় নিয়ে অতিরিক্ত উদ্যোগ হিসেবে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। প্রথম ধাপের কার্যক্রম শেষ হওয়ায় শিগগিরই সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দ্বিতীয় দফায় আবারও এ কার্যক্রম শুরু করা হবে।
আয়োজকদের ভাষ্য, অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষের জন্য চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করতেই এ উদ্যোগ। গত ১১ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে সদর উপজেলার ১৩টি ইউনিয়নে পরিচালিত ক্যাম্পগুলোতে বিপুলসংখ্যক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয়রা জানান, অনেকেরই অর্থের অভাবে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া কিংবা ওষুধ কেনা সম্ভব হয় না। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় তাদের চিকিৎসা ব্যয়ের চাপ কিছুটা কমেছে।
স্থানীয়দের প্রত্যাশা, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত ও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
