সর্বশেষঃ

শখ থেকে স্বপ্ন, কেক তৈরিতে নারী উদ্যোক্তা হওয়ার পথে মুবাশ্বিরা

স্টাফ রিপোর্টার ॥
ছোটবেলা থেকেই হাতের কাজে আগ্রহ মুবাশ্বিরার। পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজের প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে কেক তৈরির দিকে ঝুঁকে পড়েন তিনি। এখন তাঁর স্বপ্ন-নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে একজন সফল নারী উদ্যোক্তা হওয়া। মুবাশ্বিরা ভোলা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। চার ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। বাবা মো. মনিরুল ইসলাম পেশায় শিক্ষক এবং মা রোকেয়া বেগম গৃহিণী। পরিবারের সদস্যদের সহযোগিতা ও উৎসাহেই নিজের আগ্রহকে এগিয়ে নিচ্ছেন তিনি।
জানা গেছে, ২০২২ সালে দাদুর জন্মদিন উপলক্ষে প্রথমবার কেক তৈরি করেন মুবাশ্বিরা। সেদিন নিজের হাতে তৈরি কেক দাদুর জন্মদিনের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। সেই অভিজ্ঞতাই তাঁর মধ্যে কেক তৈরির প্রতি নতুন আগ্রহ তৈরি করে। এরপর ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন ধরনের কেক তৈরির ভিডিও দেখে শেখার চেষ্টা শুরু করেন তিনি। প্রথম দিকে কেক তৈরি ছিল নিছক শখ। সময়ের সঙ্গে সঙ্গে সেই শখই পরিণত হয়েছে দক্ষতায়। বিভিন্ন নকশা, ডিজাইন ও স্বাদের কেক তৈরির পাশাপাশি হাতের কাজেও নিজের সৃজনশীলতা ফুটিয়ে তুলছেন মুবাশ্বিরা। এ কাজে তাঁকে সহযোগিতা করেন তাঁর মামা, বাবা ও ভাই-বোনেরা। নিজের কাজের স্বীকৃতিও পেয়েছেন মুবাশ্বিরা। বিভিন্ন সময়ে কেক তৈরি ও হাতের কাজের জন্য পেয়েছেন সম্মাননা। এতে তাঁর আত্মবিশ্বাস আরও বেড়েছে।
মুবাশ্বিরার তৈরি কেক ও অন্যান্য সৃজনশীল কাজের জন্য রয়েছে ‘Rokeyas Cake Canvas’ নামে একটি ফেসবুক পেজ। পড়াশোনার পাশাপাশি সেখানেও নিজের কাজ তুলে ধরছেন তিনি। মুবাশ্বিরা বলেন, “ছোটবেলা থেকেই হাতের কাজ করতে ভালো লাগে। পরে কেক তৈরির প্রতি আগ্রহ বাড়তে থাকে। ফেসবুক ও ইউটিউব দেখে শেখার চেষ্টা করেছি। পরিবারের সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। ভবিষ্যতে পড়াশোনার পাশাপাশি এটিকে বাণিজ্যিকভাবে এগিয়ে নিয়ে একজন নারী উদ্যোক্তা হতে চাই।”
মুবাশ্বিরার কাছে কেক তৈরি শুধু একটি শখ নয়, নিজের পরিচয় তৈরির একটি সম্ভাবনাও। পড়াশোনার পাশাপাশি নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তিনি এগিয়ে যেতে চান উদ্যোক্তা হওয়ার পথে। তার স্বপ্ন, একদিন নিজের একটি পরিচিত ব্র্যান্ড দাঁড় করাবেন—যেখানে থাকবে তাঁর নিজের হাতে তৈরি কেক ও সৃজনশীল কাজ। আর সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে এগিয়ে চলছে ‘Rokeyas Cake Canvas’।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।