ভোলায় পার্থর উদ্যোগে দ্বিতীয় দফায় ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পায়েছে ৪ হাজার মানুষ
ভোলায় পার্থর উদ্যোগে দ্বিতীয় দফায় ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পায়েছে ৪ হাজার মানুষ

মোঃ মঞ্জুর আলম, ভোলা
ভোলায় অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য দ্বিতীয় দফায় শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার সকাল ১০টা থেকে সদর উপজেলার ধনিয়া, বাপ্তা ও কাচিয়া ইউনিয়নে একযোগে এ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়।
ক্যাম্পে তিন ইউনিয়নের প্রায় চার হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার কথা রয়েছে। সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতি দেখা যায়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যন্ত এলাকার অসচ্ছল মানুষের কাছে প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। চিকিৎসার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যবিষয়ক পরামর্শও দেওয়া হচ্ছে।
এর আগে সদর উপজেলার পশ্চিম ইলিশা, পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবার মধ্য দিয়ে এ কার্যক্রমের প্রথম ধাপ শুরু হয়।
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থর উদ্যোগে সদর উপজেলার ১৩টি ইউনিয়নে পর্যায়ক্রমে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে। পুরো কার্যক্রমে প্রায় ২০ হাজার মানুষকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আয়োজকদের আশা, ধারাবাহিকভাবে ইউনিয়ন পর্যায়ে এ ধরনের চিকিৎসাসেবা চালু থাকলে প্রত্যন্ত এলাকার নিম্নআয়ের মানুষ সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন।
