ভোলায় অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ভোলা সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সজিব (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার এক বন্ধু ও অটোরিকশাচালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ইলিশা সড়কের বুড়ির মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সী গ্রামের বাসিন্দা মো. ফারুকের ছেলে।
স্থানীয়রা জানান, সজিব তার এক বন্ধুর মোটরসাইকেল চালিয়ে পরানগঞ্জ বাজারসংলগ্ন এলাকা থেকে ভোলা সদরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলে তার এক বন্ধু পেছনে বসা ছিলেন। বুড়ির মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইলিশাগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলচালক সজিব, তার বন্ধু ও অটোরিকশাচালক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সজিব ও অটোরিকশাচালককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে বরিশালে নেওয়ার পথে মারা যান সজিব।
নিহতের চাচা মো. আশিক বলেন, ‘সজিব নিজেই মোটরসাইকেল চালাচ্ছিল। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে বরিশালে নেওয়ার পথে মৃত্যু হয়।’
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করেছে। আহতদের দুজনকে বরিশালে নেওয়ার পথে মোটরসাইকেলচালক সজিব মারা যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
