সর্বশেষঃ

মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে দিনব্যাপী প্রতিযোগিতা

আবদুর রহমান সোয়েব , মনপুরা প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতে ভোলার মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নজরুল শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত প্রতিযোগিতায় ছিল নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নৃত্য। বিভিন্ন বয়সী প্রতিযোগীরা এতে অংশ নিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব। তিনি প্রতিযোগীদের পরিবেশনা উপভোগ করেন এবং নজরুলের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পাবলিক হেলথ কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাসির উদ্দিন, জুরান চন্দ্র মজুমদার, মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আয়োজকরা জানান, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, দেশপ্রেম এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।