সর্বশেষঃ

মেঘনা নদীতে পড়ে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥
নিখোঁজের ৩ দিন পর বিজিবি সদস্য আমজাদ হোসেনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিজিবি সদস্য আমজাদ হোসেনের বাড়ি ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডে। তিনি ওই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জেলেরা উপজেলার সরকারি দীঘি সংলগ্ন মেঘনা নদীতে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দৌলতখান থানা ও হাকিমুদ্দিন নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ মেঘনা নদী থেকে পুলিশ উদ্ধার করেছে।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যার পর বিজিবি সদস্য আমজাদ হোসেনসহ ৫ বন্ধু মিলে ভোলা সদর উপজেলার শিবপুরের ‘গরিবের দুবাই’ নামে খ্যাত মেঘনা নদীর তীরে বসে গল্প করছিলেন। এ সময় নদীর তীর সংরক্ষণের জিওব্যাগ ধসে ৫ বন্ধুই নদীতে পড়ে যান। এ সময় ৩ জন জীবিত উদ্ধার হলেও আমজাদ ও রাকিব নামে অপর দুই বন্ধু নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পর শুক্রবার রাকিবের এবং শনিবার আমজাদের মরদেহ উদ্ধার করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।