বরিশাল, ভোলা ও ঝালকাঠি জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর
মনপুরায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় পুকুরে ডুবে মো. আশরাফুল (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ওই এলাকার মো. জলিল ও জেসমিন বেগমের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসা থেকে বাড়িতে ফেরে আশরাফুল। পরে জামা-প্যান্ট নিয়ে বন্ধুদের সঙ্গে খেলতে বের হয় সে। দুপুর গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি জানান, তিনি আশরাফুলকে বাড়ির পাশের মসজিদের পুকুরে গোসল করতে দেখেছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়রা ওই পুকুরে তল্লাশি শুরু করেন। প্রথম দফায় তাকে পাওয়া না গেলেও দ্বিতীয় দফায় তল্লাশি চালিয়ে বেলা আনুমানিক সাড়ে ৩টার দিকে পুকুর থেকে আশরাফুলকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশরাফুলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।
