সর্বশেষঃ

ভোলায় দুলারহাটে জাল নোটসহ যুবক গ্রেফতার

দুলারহাট সংবাদদাতা ॥
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ মোঃ মান্নান (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘোষের হাট লঞ্চঘাটের পন্টুনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ আবু ইউসুফের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাহাত হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মান্নানের কাঁধে ঝোলানো একটি ব্যাগ তল্লাশি করা হয়।
পুলিশ জানায়, ওই ব্যাগের মধ্য থেকে মান্নানের দেখানো মতে ১ হাজার টাকা মূল্যমানের ২০০টি এবং ৫০০ টাকা মূল্যমানের ১০০টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। পরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মান্নান ভোলার শশীভূষণ থানার চর কলমী ইউনিয়নের আঞ্জুরহাট এলাকার বাসিন্দা। তার বাবার নাম হাসেম মোল্লা। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দুলারহাট থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-০৩, জিআর নম্বর-৮৬, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি সংশ্লিষ্ট বিশেষ আইনের ধারায় রুজু করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।