সর্বশেষঃ

পুলিশের পোস্টে মিলল নিখোঁজ শিশুর সন্ধান, বাবার কোলে ফিরল আদিব

ভোলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক শিশুকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয় ভোলা সদর মডেল থানা-পুলিশ। শিশুটি নিজের পরিচয় ও ঠিকানা বলতে না পারায় তার পরিবারের সন্ধান পেতে পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ ভোলার অফিসিয়াল ফেসবুক পেজে জরুরি বার্তা দেওয়া হয়।

পুলিশের দেওয়া পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে পোস্টটি শিশুটির স্বজনদের নজরে এলে দ্রুত ভোলা সদর মডেল থানায় উপস্থিত হন তার বাবা মো. মাকসুদুর রহমান।

পুলিশ জানায়, শিশুটির নাম মাহফুজুর রহমান আদিব। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে নিরাপদ ও অক্ষত অবস্থায় বাবার জিম্মায় তুলে দেওয়া হয়।

হারানো সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন শিশুটির বাবা ও পরিবারের সদস্যরা। একই সঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় জেলা পুলিশ ভোলার প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।

শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পুলিশের পোস্টটি শেয়ার করে যারা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে জেলা পুলিশ ভোলা।

একটি পুলিশের পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতন মানুষের সহযোগিতা—ফিরে পেল পরিবার তাদের হারানো সন্তান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।