সর্বশেষঃ

শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল বা আলাদা বেতন কাঠামো তৈরির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষকদের জীবনমান উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, এ নিয়ে সরকারের উচ্চপর্যায়ে ইতিবাচক চিন্তাভাবনা রয়েছে। বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের প্রস্তাব আসায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে হচ্ছে।

শিক্ষকদের বেতন অন্য পেশার সঙ্গে তুলনা করা উচিত নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, বেতন কম হোক বা বেশি, শিক্ষকদের সঙ্গে অন্য কোনো পেশার তুলনা চলে না। জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা বিবেচনায় তাঁদের পেশাগত মর্যাদা ও জীবনমানের বিষয়টি আলাদাভাবে দেখা প্রয়োজন।

শিক্ষক সংকট নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ২০১৭ সাল থেকে মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে এসব পদে নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সরকার কাজ করছে।

দেশের বড় জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি শিক্ষার বিস্তার ও জীবনব্যাপী শিক্ষার সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।