সর্বশেষঃ

মিয়ানমারে পাচারকালে চরফ্যাশন থেকে ২৯৩ বস্তা সার ও নোয়াখালীতে ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট জব্দ ॥ আটক-৭

ভোলার বাণী ডেস্ক ॥
মিয়ানমারে পাচারকালে ভোলার চরফ্যাশনে ২৯৩ বস্তা সার ও নোয়াখালীর মৌলভীচর থেকে ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ড। স্ব-স্ব উপজেলায় পৃথক পৃথক অভিযানে সার ও সিমেন্ট জব্দ করা হয়েছে। এসময় ওই সব এলাকা থেকে ৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চরফ্যাশন সংবাদদাতা জানান, চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট থেকে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক পালিয়ে গেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেতুয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। এ সময় সারবোঝাই একটি ট্রাক ও একটি ট্রলারও আটক করে পুলিশ। জব্দ করা সারের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বেতুয়া লঞ্চঘাটে একটি ট্রাক থেকে ট্রলারে সার তোলা হচ্ছে। খবর পেয়ে রাতেই সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, জব্দ করা সারগুলো ট্রলারে করে মিয়ানমারে পাচারের পরিকল্পনা ছিল। পরে পুলিশ সারবোঝাই ট্রাক ও ট্রলারটি জব্দ করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. পারভেজ হোসেন (৩৭), নোয়াখালী জেলার বাসিন্দা মো. সিরাজ (৫৭), মো. সোহেল (২৮) ও মো. শাহারাজ (৪০)। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চরফ্যাশন থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, মামলা রুজু করে আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে নোয়াখালীর মৌলভীচর সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট ও একটি স্টিলবডি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে সিমেন্ট ও স্টিলবডি জব্দ এবং ৩ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে বিসিজি স্টেশন হাতিয়ার সদস্যরা মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি স্টিলবডি বোট থেকে আনুমানিক ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট ও স্টিলবডি জব্দ করা হয়। আটকরা হলেন-বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মো. আবু তাহের (৫৭), ভোলার চর ভেদুরিয়া এলাকার মো. আলাউদ্দিন (৪২) এবং ভোলা দক্ষিণ দিঘলদী এলাকার মো. নিরব (৩৫)।


কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা এবং স্টিলবডির মূল্য প্রায় ২৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৮০ হাজার টাকা। অভিযান সংশ্লিষ্টরা জানান, ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট দুটি ফিশিং বোটে করে মিয়ানমারে পাচারের জন্য নেওয়া হচ্ছিল। লোডিংয়ের পূর্বে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দ করা মালামাল ও আটক তিনজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।