সর্বশেষঃ

গণভবন থেকেই গণতন্ত্র ধ্বংসের পরিকল্পনা হতো, দাবি আন্দালিব রহমান পার্থের

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দাবি করেছেন, দেশের গণতন্ত্র ধ্বংস এবং রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার বিভিন্ন পরিকল্পনা গণভবন থেকেই করা হতো।

বুধবার (৫ আগষ্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সরকারি বাসভবন গণভবনকে রূপান্তর করে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।

আন্দালিব রহমান পার্থ বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে কীভাবে হত্যা করা যায়, দেশকে কীভাবে ধ্বংস করা যায়—সেসবের ব্লুপ্রিন্ট গণভবনেই তৈরি হতো।’

তিনি আরও দাবি করেন, গত ১৭ বছরে গুম, খুনসহ বিভিন্ন ঘটনার পরিকল্পনাও সেখান থেকেই হয়েছে। তাঁর ভাষায়, ‘৫ আগস্ট শুধু একটি দিন নয়, এটি পুরো বাংলাদেশের মানুষের বিজয়ের প্রতীক।’

দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে পার্থ বলেন, ১৭ বছরে অনেক নেতা-কর্মী গুম, খুন ও কারাবরণের শিকার হয়েছেন। তবে সাধারণ মানুষ আন্দোলনে যুক্ত হওয়ার পর পরিস্থিতি বদলে যায়।

তিনি বলেন, ‘মানুষ যখন রাস্তায় নেমে আসে, তখন সেটিই সবচেয়ে বড় শক্তি। জনগণ অংশগ্রহণ করলে কোনো ক্ষমতাবানই শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না।’

গণভবন সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরে পার্থ বলেন, ‘এটি ছিল দম্ভের স্তম্ভ। আল্লাহ তাঁর জমিনে অহংকার নিয়ে চলাফেরা করা পছন্দ করেন না। গণভবন সেই অহংকারেরই প্রতীক ছিল।’

উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত অভিযোগ ও মন্তব্যগুলো ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বক্তব্য। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।