সর্বশেষঃ

জলবায়ু অভিযোজন জ্ঞান বিনিময়ে চর কুকরি-মুকরিতে লেসন লার্নিং কর্মশালা

স্টাফ রিপোর্টার :

ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরিতে জলবায়ু অভিযোজন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় ও শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে লেসন লার্নিং কর্মশালা আয়োজন করা হয়েছে। বুধবার চর কুকরি-মুকরির অ্যাডাপটেশন লার্নিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। কর্মশালাটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর অর্থায়নে পরিচালিত অ্যাডাপটেশন লার্নিং সেন্টারের কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালাটি উদ্ভোদন করেন ইউএনডিপির ন্যাশনাল কো-অর্ডিনেটর ড. মোজাম্মেল হক।

এ ছাড়া বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রুহুল আমিন এবং মৎস্য অধিদপ্তরের খামার ব্যবস্থাপক মো. জাকির হোসেন। কর্মশালা সঞ্চালনা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) অতিরিক্ত পরিচালক ডা. মোঃখলিলুর রহমান।

কর্মশালায় দেশের ১০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক, উন্নয়নকর্মী এবং জলবায়ু অভিযোজন বিষয়ে অভিজ্ঞ বিভিন্ন অংশীজন অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় উদ্ভাবন, টেকসই জীবিকায়ন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং অভিযোজন কৌশল নিয়ে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, এ ধরনের লেসন লার্নিং কর্মশালার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের বাস্তব অভিজ্ঞতা, গবেষণালব্ধ তথ্য এবং স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞানকে একত্রিত করে ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতিনির্ধারণে কার্যকর অবদান রাখাই তাদের লক্ষ্য।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।