সর্বশেষঃ

চট্টগ্রামে নালা পরিষ্কারের সময় বস্তাভর্তি প্রায় দেড় হাজার বুলেট উদ্ধার

চট্টগ্রামে নালা পরিষ্কারের সময় বস্তাভর্তি প্রায় দেড় হাজার বুলেট উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার শেরশাহ বাংলা বাজার এলাকার একটি নালা থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ বুলেট উদ্ধার করেছে পুলিশ। বস্তাটিতে ছোট-বড় মিলিয়ে প্রায় দেড় হাজার বুলেট রয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে বাংলাবাজারে বিএসআরএম ফ্যাক্টরির ৫ নম্বর গেটের পাশের নালা থেকে বুলেটগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বুলেটের মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২৩০টি ছোট বুলেট রয়েছে। বড় আকারের বুলেটগুলো একে-৪৭সহ ভারী অস্ত্রে ব্যবহার করা হয় বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ওই এলাকায় নালা পরিষ্কারের কাজ করছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মীরা। কাজ করার সময় বিএসআরএম ফ্যাক্টরির পাশের নালায় একটি বস্তা তাদের নজরে আসে। পরে বস্তাটি খুলে ভেতরে বিপুল পরিমাণ বুলেট দেখতে পান পরিচ্ছন্নতাকর্মীরা।

বিষয়টি পুলিশকে জানানো হলে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুলেটগুলো উদ্ধার করে নিয়ে যায়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেরশাহ বাংলা বাজার এলাকায় বিএসআরএম ফ্যাক্টরির পাশের নালা থেকে বস্তাবন্দি বুলেটগুলো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১২০টি বড় বুলেট এবং প্রায় ১ হাজার ২৩০টি ছোট বুলেট রয়েছে। কারা এবং কী কারণে বুলেটগুলো সেখানে রেখেছে, তা তদন্ত করে দেখা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।