সর্বশেষঃ

ভোলায় দৃষ্টিপ্রতিবন্ধীর ঘর ভাঙচুরের অভিযোগ

ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলার উত্তর চর ভেদুরিয়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক দৃষ্টিপ্রতিবন্ধীর ঘর ভাঙচুর ও তাঁকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। ভুক্তভোগী মো. রাজ্জাক, যিনি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ছাদেক চৌকিদারের ছেলে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পক্ষ বলছে, জমিটি তাদের বৈধভাবে কেনা এবং এ নিয়ে মামলা আদালতে বিচারাধীন।

ঘটনাটি উপজেলার উত্তর চর ভেদুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে গত শনিবার সকালে ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভুক্তভোগী মো. রাজ্জাকের অভিযোগ, পৈতৃক সূত্রে পাওয়া জমিতে ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে প্রতিবেশী হাসমত আলী, তাঁর ছেলে জসিমসহ পরিবারের সদস্যরা সংঘবদ্ধভাবে তাঁর ওপর হামলা চালান।

রাজ্জাক বলেন, “শনিবার সকালে আমি ঘরের ভেতরে ছিলাম। হঠাৎ জসিম, তার বোন জোসনা ও জসিমের শ্বশুর জসিম মিয়া আমাকে জোর করে ঘর থেকে বের করে মারধর করেন। পরে তারা আমার ঘর ভেঙে পাশের ডোবায় ফেলে দেন। আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত হাসমত আলীর ছেলে জসিম অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “জমিটি আমরা ১৯৮২ সালে রাজ্জাকের বাবা ছাদেক চৌকিদারের কাছ থেকে কিনেছি। এ নিয়ে আদালতে মামলা চলছে। আমরা আমাদের জমিতে ঘর নির্মাণ করতে গেলে রাজ্জাকরা বাধা দেয়। পরে তারা নিজেরাই ঘর তুলে ভেঙে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার চেষ্টা করছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সর্বশেষ এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।