সর্বশেষঃ

মাত্র ১ বছর ৩ মাসে হিফজ সম্পন্ন করল চরফ্যাশনের নবীন

ভোলার বাণী ডেস্ক : 

ভোলার চরফ্যাশনে মাত্র ১ বছর ৩ মাসে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে ১৪ বছর বয়সী আব্রাহাম আলম নবীন। তার এ অর্জনে পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। আব্রাহাম আলম নবীন চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের রূপনগর গ্রামের সাংবাদিক রুবেল আশরাফুলের ছেলে। তিনি পূর্ব এওয়াজপুর মজিদিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ নুরুল ইসলাম মাস্টারের নাতি। নবীন স্থানীয় শামসুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, বাবা-মায়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল ছেলেকে পবিত্র কোরআনের হাফেজ হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যেই প্রায় এক বছর আগে তাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়। সেখানে কায়দা ও আমপারা শিক্ষা সম্পন্ন করার পর মাত্র ১ বছর ৩ মাসের মধ্যেই সে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীনকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নবীনের শিক্ষক হাফেজ মাওলানা ইসরাফিল বলেন, “নবীন অত্যন্ত মেধাবী, মনোযোগী ও পরিশ্রমী একজন শিক্ষার্থী। অল্প সময়ের মধ্যেই সে হিফজ সম্পন্ন করেছে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন ভবিষ্যতে একজন যোগ্য আলেম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।”

মাদ্রাসার পরিচালক মাওলানা মো. রিয়াজুল ইসলাম বলেন, “নবীন আমাদের প্রতিষ্ঠানের গর্ব। তার মধ্যে শেখার আগ্রহ ও নিষ্ঠা রয়েছে। যথাযথ দিকনির্দেশনা পেলে সে ভবিষ্যতে একজন বড় আলেম হিসেবে দেশের সেবা করতে পারবে।”

নবীনের বাবা রুবেল আশরাফুল বলেন, “ছেলেকে হাফেজ বানানোর স্বপ্ন অনেক দিনের। মহান আল্লাহ সেই স্বপ্ন পূরণ করেছেন। তার এই অর্জনে পরিবারের সবাই আনন্দিত। সবাই যেন আমার ছেলের জন্য দোয়া করেন, সে যেন একজন আদর্শ মানুষ ও দ্বীনের খাদেম হিসেবে গড়ে উঠতে পারে।”

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।