টানা বৃষ্টিতে মাটিতে মিশল চরফ্যাশনের তরুণ উদ্যোক্তা ফাহাদের স্বপ্ন
ভোলায় গাঁজাসহ যুবক আটক করে পুলিশে দিল জনতা

স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার চর সামাইয়ায় ১ কেজি গাঁজাসহ রাজু নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় মাদক নির্মূল কমিটি। শনিবার (১১ জুলাই) পরে তাকে উদ্ধারকৃত মাদকসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজুর বাড়ি ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে। শনিবার তার নিজ বাড়ির সামনের পুকুরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এলাকাবাসী জানান, চর সামাইয়া ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে স্থানীয়দের উদ্যোগে একটি মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা নিয়মিত নজরদারি চালিয়ে আসছেন। তাদের দাবি, এ পর্যন্ত দুইজনকে মাদকসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূল কমিটির সদস্যরা বলেন, এলাকাকে মাদকমুক্ত রাখতে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্ত রাজুর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
