ভোলার বোরহানউদ্দিনে টমটম উল্টে চালক নি-হ-ত

বাসস ॥
ভোলার বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি ডিজেল ইঞ্জিনচালিত টমটম উল্টে মো. সজিব (২৪) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা হেলপার গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার মনিরাম ও কুঞ্জেরহাট সংলগ্ন এলাকার মধ্যবর্তী বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব একই উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের বাসিন্দা ইসমাইল হাওলাদারের ছেলে। তবে আহত হেলপারের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, একজন হেলপারকে নিয়ে টমটম গাড়ি চালিয়ে মনিরাম থেকে কুঞ্জেরহাট বাজারের দিকে যাচ্ছিলেন সজিব। এসময় হঠাৎ সামনে একটি অটোরিকশা এলে চালক সেটিকে রক্ষা করার চেষ্টা করেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় টমটমটি। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন চালক সজিব। এছাড়া গাড়িটিতে থাকা আহত হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।