সর্বশেষঃ

ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন ভোলার সন্তান শাফায়াত হোসেন সিয়াম

ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন ভোলার সন্তান শাফায়াত হোসেন সিয়াম

সমাজসেবা, মানবকল্যাণ, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং তরুণ নেতৃত্বের বিকাশে অসামান্য অবদান রাখায় ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন দ্বীপজেলা ভোলার সন্তান মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)।

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচি-কাঁচার অডিটোরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত তরুণ সংগঠকদের সম্মাননা প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড প্রাপ্ত তরুণ সংগঠক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) ভোলা সদর উপজেলার কালীবাড়ি রোডের বাসিন্দা, তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং সরকার নিবন্ধিত যুব সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট (ওয়াইএনডি) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে যুব উন্নয়ন, সামাজিক সচেতনতা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, নেতৃত্ব বিকাশ এবং মানবকল্যাণমূলক নানা উদ্যোগে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর বাবা একজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

সম্মাননা গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি আমার সংগঠন, সহযোদ্ধা এবং সমাজের মানুষের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। সমাজের কল্যাণে কাজ করতে গিয়ে যাঁরা প্রতিনিয়ত সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের প্রতিই আমি এই সম্মাননা উৎসর্গ করছি। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও মানবকল্যাণ, তরুণদের ক্ষমতায়ন এবং একটি মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।’

অনুষ্ঠানজুড়ে সম্মাননা প্রদান, শুভেচ্ছা বক্তব্য, স্মারক উপহার বিতরণ এবং অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

আয়োজকদের মতে, সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা তরুণদের অনুপ্রাণিত করতেই এ ধরনের সম্মাননা প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।