সর্বশেষঃ

ভোলায় শিশু সুরক্ষায় কমিউনিটি পর্যায়ে প্রতিক্রিয়া ও জবাবদিহিতা ব্যবস্থা শক্তিশালীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

শিশু সুরক্ষায় কমিউনিটি পর্যায়ে প্রতিক্রিয়া ও জবাবদিহিতা ব্যবস্থা আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে ভোলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস। সংস্থাটির ‘স্পেস টু লিড’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় কারিগরি সহযোগিতা প্রদান করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন। তিনি বলেন, শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং কমিউনিটির সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিশু নির্যাতন, বাল্যবিবাহ, সহিংসতা ও শোষণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অভিযোগ গ্রহণ, প্রতিকার ও জবাবদিহিতার কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।

আভাসের প্রজেক্ট অফিসার মো. আবসার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ব্যাংকেরহাট কলেজের প্রভাষক মো. জহিরুল ইসলাম ইভান তালুকদার, ভোলা থানার উপপরিদর্শক (এসআই) মোসাম্মত সুলতানা বেগম, পশ্চিম ইলিশা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা হারুন উর রশীদ এবং পরানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া হক। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা সভায় অংশ নেন।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ, কমিউনিটি পর্যায়ে প্রতিক্রিয়া ব্যবস্থার সীমাবদ্ধতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার উপায় নিয়ে মতামত তুলে ধরেন। তারা শিশুদের জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণমূলক ও কার্যকর সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা বলেন, শিশুদের অধিকার সুরক্ষা এবং তাদের বিরুদ্ধে যেকোনো ধরনের নির্যাতন, শোষণ ও বৈষম্য প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় নেতৃত্ব এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগই পারে একটি নিরাপদ ও শিশুবান্ধব সমাজ গড়ে তুলতে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।