ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলÍ ‘সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ’। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবসটি উপলক্ষে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে রক্তদান কর্মসূচি ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহিদুল্লাহ কায়সার, সিভিল সার্জন ডা. মোঃ মনিরুল ইসলামসহ বিচার বিভাগের কর্মকর্তারা।
সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শরিফ এ এম রেজা জাকের। সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ফরিদুর রহমান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাসেত, জিপি এডভোকেট সালাহ উদ্দিন, পিপি এডভোকেট তৈয়বুর রহমান, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল চন্দ্র শীল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুগ্ম জেলা জজ (ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনাল) রাজিব দে।
বক্তারা বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রমকে আরও কার্যকর করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর জোর দেন তাঁরা। অনুষ্ঠানে প্রশাসন ও আইন বিভাগের কর্মকর্তা, লিগ্যাল এইডের সেবাগ্রহীতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
