দক্ষিণ আইচায় ইটভাটায় অভিযান, জরিমানা

‎দক্ষিণ আইচা প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোলা জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। েেমাবাইল কোর্টে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও পরিবেশ অধিদপ্তর, ভোলা-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানকালে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। মেসার্স আকন ব্রিকস ফিল্ডকে ৭৫ হাজার টাকা এবং মেসার্স রাত্রি ব্রিকস ফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা যায়, গাছ পুড়িয়ে ইট তৈরি, ইটের পরিমাপে অসংগতি, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় কিছু প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা সহ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।