টেকনাফে ২০০ হতদরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি ॥
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় বাছাইকৃত ২০০টি হতদরিদ্র পরিবারের পারিবারিক আয় বৃদ্ধি ও জীবিকায়ন সহায়তায় শর্তসাপেক্ষ নগদ অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (২২ এপ্রিল) টেকনাফ এরিয়া প্রোগ্রাম অফিস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিকাশের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমামুল হাফিজ নাদিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগের প্রতিনিধি ডা. এহছানুল আলম, টেকনাফ সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জিয়াউল রহমান জিহাদ এবং মহিলা ইউপি সদস্য রানু আক্তার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার প্রনয় এস পালমা, বিজিএস-এর প্রোগ্রাম ম্যানেজার আবদুল হামিদসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী পরিবারসমূহ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি পরিবারকে প্রদত্ত ১০ হাজার টাকা নগদ সহায়তা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের সহায়তা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৌলিক চাহিদা পূরণে সহায়ক হবে। স্বচ্ছতা বজায় রেখে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এই সহায়তা পরিবারের আর্থিক সংকট নিরসনে সহায়ক হবে এবং দীর্ঘমেয়াদে আত্মনির্ভরশীলতা অর্জনের পথ সুগম করবে।
উপকারভোগীরা এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সংস্থা বিজিএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই সহায়তা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়তা করবে এবং নতুন করে বাঁচার আশা জাগাবে। অনুষ্ঠান শেষে নির্বাচিত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
