শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া

ডেস্ক রিপোর্ট ॥ এ বছর শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা শেষে সম্মাননাটি পেয়েছেন ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার আন্দোলনের নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ী হিসেবে মারিয়ার নাম ঘোষণা করে।
বিবিসি বলছে, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে ভেনেজুয়েলার এই রাজনীতিককে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। তিনি সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার সাহসিকতার অনন্য উদাহরণ হিসেবে আবির্ভূত হয়েছেন। নোবেল কমিটি এ বিষয়ে এক বিবৃতিতে বলেছে, শান্তির সাহসী ও নিবেদিতপ্রাণ যোদ্ধা এমন এক নারীর হাতে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার যাচ্ছে, যিনি গভীর হতে থাকা অন্ধকারের মাঝেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে যাচ্ছেন।
মারিয়া মাচাদো গুরুত্বপূর্ণ ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেছেন উল্লেখ করে কমিটির চেয়ারম্যান ইয়রগেন ওয়াটনে ফ্রিডনেস বলেছেন, মারিয়া ২০ বছরেরও বেশি আগে মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ বন্দুকের বদলে ব্যালট বেছে নিয়েছিলেন। কমিটির বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা এবং স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর সাধনে সংগ্রামের জন্য নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন মারিয়া মাচাদো। এ বছর প্রতিটি পুরস্কারের অর্থমূল্য হবে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা বা ১১ লাখ ৫৬ হাজার ৩৯৫ ডলার। শান্তিতে নোবেলজয়ী মারিয়াও এমন অংকের অর্থ পুরস্কার পাবেন।
