লালমোহনে বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন উপজেলায় বৃষ্টির জমা পানিতে ডুবে মো. জায়েদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌকিদার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। শিশু জায়েদ ওই বাড়ির মিজানুর রহমানের ছেলে।
জানা গেছে, রাতের প্রবল বৃষ্টিতে ওই শিশুর বসতঘরের বারান্দা তলিয়ে পাশের জলাশয়ের সঙ্গে একাকার হয়ে যায়। মঙ্গলবার সকালে ঘরের ভেতর অবস্থান করছিলেন তার মা। তার অগোচরে ঘর থেকে নেমে বারান্দায় খেলতে গিয়ে বৃষ্টির জমা পানিতে ডুবে যায় শিশু জায়েদ। তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। পরে তারা ওই শিশুকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।