বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে রিক্তা মনি নামে ৩ বছরের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরের দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রিক্তা ওই এলাকার মো. রাকিবের মেয়ে।
নিহত রিক্তা মনির বাবা রাকিব জানান, দুপুরে রিক্তা ঘরে খেলা করছিল। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। এদিকে ঘরের কাজে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এক সময়ে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পরে বাড়ির পাশের পুকুরের পানিতে রিক্তার মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিক্তাকে মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোনো অভিযোগ না থাকায় রিক্তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।