সর্বশেষঃ

ভোলা সরকারি কলেজের দর্শন বিভাগে পাঠচক্রের উদ্বোধন

মেসকাত আহমেদ ॥ ভোলা সরকারি কলেজে দর্শন বিভাগে পাঠচক্রের উদ্বোধন করা হয়েছে। বিভাগের সহকারী অধ্যাপক মহিবুর রহমানের উদ্যোগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) কলেজের ১০৭ নম্বর কক্ষে এ পাঠচক্রের উদ্বোধন করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: ইকবাল হোসেন। ‘ব্যক্তিত্ব, সৃজনশীলতা, মনন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠ’ স্লোগান নিয়ে প্রতি ৭ দিন অন্তর অন্তর এ পাঠচক্র অনুষ্ঠিত হবে। পাঠচক্রটি কলেজের সকল বিভাগের জন্য উন্মুক্ত থাকায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ইকবাল হোসেন বলেন, একটি বই পড়ে একজন মানুষের পক্ষে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব হয়না। একজনের শিক্ষনীয় বিষয়, ভাবনার বিষয় অন্যের সাথে আদান প্রদান করলে বিষয়গুলো সহজে বোধগম্য হয়। এছাড়া পঠিত বিষয়ের উপর ব্যাখ্যা বিশ্লেষণ ও মূল্যায়ন করার ক্ষমতা তৈরি হয়। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী আলোচনার ক্ষেত্র তৈরি করে মুক্তবুদ্ধি চর্চার পরিবেশ তৈরি করা যায়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্রাহাম পারভেজ বলেন, আজকের পাঠচক্র থেকে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি। আমরা মহিবুর রহমান স্যারের ও বিভাগের প্রধান ইকবাল হোসেন স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের পাঠ্যাভ্যাস তৈরিতে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য।
বাংলা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো: শাকিল আহমেদ বলেন, এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা এমন একটি উদ্যোগ দেখে ও এতে অংশ নিতে পেরে খুবই উল্লসিত। আশা করি এভাবেই আমরা পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও বাইরের দুনিয়া সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারবো।
দর্শন বিভাগের শিক্ষর্থী সাইয়েদা আক্তার বলেন, আমরা আজ উচ্ছ্বসিত। এ উচ্ছ্বাস নতুন কিছু শিখতে পারার। আমরা শিক্ষকদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে এ উদ্যোগ যেন চলমান থাকে সে অনুরোধ করি। আমরা ভবিষ্যতে এ পাঠচক্রের মাধ্যমে নতুন নতুন বই পড়ে নতুন জ্ঞান লাভের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে পারবো বলে আশা করি।
দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মহিবুর রহমান বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞানের সম্মিলন ঘটিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। এ লক্ষ্যেই বাস্তবায়ন করতে এসব আয়োজনের উদ্যোগ নিয়েছি। আমি বিভাগীয় প্রধান প্রফেসর মো: ইকবাল হোসেন, বাংলা বিভাগের প্রভাষক শিমুল কান্তি মন্ডল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল আলামিন’সহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই এমন উদ্যোগকে সফল করার জন্য। এ কার্যক্রম অব্যাহত রাখতে যা যা করার সবই করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।