মেঘনায় ট্রলার ডুবির ৭দিন পর মিললো ছেলের মরদেহ

বনি আমিন, ইলিশা ॥ ভোলার মেঘনায় ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়ার ৭ দিন পর পারভেজ (২৮) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে মেঘনার জোরখাল পয়েন্টে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার পারভেজ ট্রলার মালিক আ. রাজ্জাকের ছেলে। তবে এখনও নিখোঁজ রয়েছেন আ. রাজ্জাক। বাবা-ছেলের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পূর্বচর সুলতানি গ্রামের বাসিন্দা।
ভোলা নৌ-পুলিশের পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখে জেলেরা নৌ-পুলিশকে জানান। পরে নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আনার পর ওই পরিবারকে খবর দেয়া হয়। পরিবারেরর লোকজন এসে লাশটি পারভেজ এর তা নিশ্চিত করে এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি রাত ১টার দিকে মনপুরা থেকে মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে প্রবল স্রোতের কবলে পড়ে ডুবে যায় একটি ট্রলার। সেসময় ট্রলারে থাকা ৫ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন বাবা-ছেলে। ঘটনার ২দিন পর ট্রলারটি উদ্ধার করা গেলেও নিখোজ ছিলো বাবা-ছেলে। রোববার ছেলের মরদেহ উদ্ধার করা হলে এখনো নিখোঁজ রয়েছেন বাবা।
