সর্বশেষঃ

ভোলায় পারিবারিক বিরোধিতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

ভোলায় পারিবারিক বিরোধিতার জেরে ছুরিকাঘাতে টুলু নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভাঙ্গা ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত টুলু ওই ইউনিয়নের মো. রহমান চৌকিদারের ছেলে এবং দুই সন্তানের জনক। এ ঘটনায় অভিযুক্ত ফারুক একই ইউনিয়নের বাসিন্দা।

টুলু এবং অভিযুক্ত ফারুক রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেদুয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করেন।

এসআই গোলাম মোস্তফা জানান, তাৎক্ষণিকভাবে জানা গেছে টুলু ও ফারুক মেদুয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করেন। গতকাল টুলু ও ফারুকের মধ্যে পারিবারিক কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়েছে। তাদের মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে ফারুক ছুরিকাঘাতে টুলুকে হত্যা করেছে। ঘটনার পর ফারুক পালিয়ে গেছে। পুলিশ রক্তাক্ত ছুরি জব্দ করেছে। টুলুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মামুন অর রশিদ জানান, ঘটনার পর থেকে পুলিশ অভিযুক্ত ফারুককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, এ ঘটনায় শুধু ফারুকই জড়িত নাকি অন্য কেউ আছে। পুলিশ তদন্ত করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।