ভোলায় অবরোধের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মোঃ ওমর ফারুক ॥ কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জেলা সেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ভোলার ইলিশা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করে। ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রবিন চৌধুরীর নেতৃত্বে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কে অবরোধ সমর্থনে এ বিক্ষোভ মিছিল করে। জেলা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ মিছিলে অংশ গ্রহন করে।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রবিন চৌধুরীর বলেন, বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে, পুলিশি নির্যাতন করে আন্দোলন সংগ্রাম দমানো যাবেনা। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত ভোলা জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা মাঠে আছে এবং রাজপথেই আন্দোলন চালিয়ে যাব।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মীর রনি, লুকু চৌধুরী, জাকির হোসেন মনিরসহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতা-কর্মীবৃন্দ এবং ভোলা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী বিলাল হোসেন, ভোলা জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেলসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি ইলিশা মহাসড়ক পরানগঞ্জ থেকে শুরু হয়ে পাইলট বাজার গিয়ে শেষ হয়।
