ভোলায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাহে আলম মাহী: ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে ইউনিয়নের চরনাপ্তা ৯ নং ওয়ার্ড এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় , ঘটনার দিন ভোরে স্থানীয় কয়েজন ফজরের নামাজ আদায় করে বাসায় ফেরার পথে অজ্ঞাত ওই পুরুষ ব্যক্তির লাশ ডোবায় ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ভোলা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। স্থানীয় কেউই তার পরিচয় সনাক্ত করতে পারেনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় সনাক্তের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।
