ভোলায় পুকুরে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার পূর্ব কাজির চর গ্রামে একই পরিবারের বোন ঝর্ণা (৫) ও ভাই সোহেল (২) নামের ২ ভাই বোন পুকুরে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তারা ওই গ্রামের বুলু আকনের সন্তান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রোববার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার পূর্ব কাজির চর গ্রামের বুলু আকনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। নিহতদের মামা জয়নাল আকন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামা জয়নাল আকন আরও জানান, রোববার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে তার ভাগ্নি ঝর্ণা ও ভাগ্নে সোহেল হাত-মুখ ধুতে বাড়ির পুকুরে যায়। এসময় পা পিছলে তারা দুজনেই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পুকুর থেকে তাদের ফিরে আসতে দেরি হওয়ায় তাদের মা তাদেরকে পুকুর থেকে ডেকে আনতে যায়। তিনি পুকুরের ঘাটলায় গিয়ে দেখেন ঝর্ণা ও সোহেলের পায়ে থাকা স্যান্ডেল পুকুরের পানিতে ভাসছে, কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। তাৎক্ষণিক তিনি পুকুরে নেমে তাদেরকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরের উত্তর কোনায় প্রথমে সোহেলের মরদেহ ভেসে ওঠে। এরপর তার কাছেই ঝর্ণার মরদেহটিও ভেসে ওঠে। তাৎক্ষণিক স্বজনরা তাদেরকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে লাহারহাট ফেরিঘাট পর্যন্ত গিয়ে ফিরে আসে।
নিহতদের মামা আরও জানান, ভাইবোন ২ জনের মৃত্যু পুকুরেই হয়েছে। তারপরও আমরা বরিশাল নিয়ে যেতে চেয়েছি। কিন্তু লাহারহাট ফেরিঘাট পর্যন্ত গিয়ে দেখলাম তারা দুজন আর বেঁচে নেই। তাই বরিশাল শেরেবাংলা হাসপাতালে না গিয়ে লাহারহাট ফেরিঘাট পর্যন্ত গিয়ে সেখান থেকে ফিরে এসেছি।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা জানান, এ ঘটনাটি পুলিশকে কেউ অবগত করেনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।