ঘূর্ণিঝর হামুন’র ক্ষয়ক্ষতি এড়াতে ভোলায় জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

এম রহমান রুবেল/মাহে আলম মাহী: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী মঙ্গলবার বিকালে ভোলার উপকূলে এর প্রভাব পড়ার কথা রয়েছে এবং বুধবার সকালে হাতিয়া ও সন্ধীপ উপকূলীয় অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। ইতোমধ্যে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ৭ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় এবং এর প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে ভোলা জেলা প্রশাসন।
ভোলায় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য ৮টি কন্ট্রোল রুম, ৯২টি মেডিকেল টিম ও ৭৪৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে। ইতোমধ্যে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়াও উপকূলের মানুষকে ঘূর্ণিঝড়ের বিষয়ে সচেতন করা হচ্ছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় সার্বিক প্রস্তুতি নেয়ার জন্য ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান।
জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান বলেন, ভোলায় এখনও ঘূর্ণিঝড় হামুন’র প্রভাব পড়েনি। এরপরেও আমরা প্রস্তুত রয়েছি। ইতোমধ্যে ৭৪৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। যাতে পরিস্থিতি অনুযায়ী ঝুঁকিপূর্ণ লোকজন সেখানে আশ্রয় নিতে পারে। উপজেলা পর্যায়ের আমাদের কর্মকর্তাদেরকে সতর্ক করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের ছুটি না নিতে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে তাদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে।
জেলা প্রশাসক আরো জানান, সাইক্লোন শেল্টারের পাশাপাশি ৯২টি মেডিক্যাল টিম থাকবে। এছাড়া দুর্যোগকালীন ত্রাণ তহবিলে শিশু খাদ্যের জন্য ১০ লাখ টাকা ও গোখাদ্যের জন্য ৫ লাখ টাকা এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে আসা মানুষের জন্য ১৫ হাজার প্যাকেট শুকনো খাবারের চাহিদা ইতোমধ্যে দুর্যোগ ও ত্রান মন্ত্রণালে পাঠানো হয়েছে। একটি জরুরী দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ ও হেল্পলাইন নাম্বার চালু করা হবে। সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্যোগকালীন সময়ে কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্যোগ থেকে মানুষ ও গৃহপালিত প্রাণি রক্ষায় ফায়ার সার্ভিস, সিপিপি ও রেড ক্রিসেন্টসহ ১৫ হাজার স্বেচ্ছাসেবীরা কাজ করবে।
এছাড়া উপকূলীয় অঞ্চলের প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের মধ্যে দুর্গম অঞ্চলে যে সকল মানুষ রয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য নির্দেশনার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও সরে জমিনে কাজ শুরু করে দেয়া হয়েছে। বর্তমানে নদীতে মা ইলিশ রক্ষার অভিযান থাকায় নদীতে মাছধরা থেকে সকল জেলে বিরত থাকলেও জেলেদের ব্যবহারিক ট্রলার গুলো দিয়ে এরই মধ্যে উপকূল অঞ্চলের সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে আনার কাজ শুরু করেছেন বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামীম আল ইয়ামিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং ভোলার সকল প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
