সর্বশেষঃ

এক দফার দাবীতে সরব আ’লীগ-বিএনপি

অবৈধ কর্তৃত্ববাদী ভোটাধিকার হরণকারী সরকারের পদত্যাগ : মির্জা ফখরুল
শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয় : ওবায়দুল কাদের

ভোলার বাণী ডেস্ক ॥ এক দফার দাবীতে উত্তাল ঢাকার রাজপথ। আওয়ামীলীগ সরকারের পদত্যাগের দাবিতে বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে এবং রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে পৃথক পৃথকভাবে এক দফার দাবী উত্থাপন করা হয়। অবৈধ কর্তৃত্ববাদী ভোটাধিকার হরণকারী সরকারের পদত্যাগ দাবী করে এক দফার দাবী পেশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয় দাবী করে আওয়ামীলীগের এক দফা দাবী পেশ করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত জানুন আমাদের ডেস্ক রিপোর্ট-এ।
বিএনপি ঃ সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ঘোষণায় বলেন, অবৈধ কর্তৃত্ববাদী ভোটাধিকার হরণকারী সরকারের পদত্যাগ এক দফা দাবি। অবৈধ সরকারের বিলুপ্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠন, মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার করে সকল রাজবন্দিকে মুক্তি দিতে হবে।
এই কর্মসূচি বাস্তবায়নে ঢাকায় দুই দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১৮ ও ১৯ জুলাই দুই দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে। ১৮ জুলাই ঢাকা মহানগরসহ সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে এবং ১৯ জুলাই ঢাকা মহানগরে এ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। ১৮ জুলাই ঢাকা মহানগরে সকাল ১০টা থেকে বিকেল ৪টায় গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এবং ১৯ জুলাই ঢাকা মহানগরে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তরার আব্দুল্লাপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা হবে।
মির্জা ফখরুল বলেন, সরকার বলেছিল, ১০ টাকা মূল্যে চাল খাওয়াবে, কোথায় সেই ১০ টাকার চাউল? বলেছিলেন বিনামূল্যের সার দেবেন, কোথায় সেই সার? আজ সারের দাম বেড়েছে তিনগুণ। তিনি বলেন, মাত্র দুই কোটি টাকার মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা ভোগ করতে হচ্ছে। একটি মিথ্যা মামলায় বছরের পর বছর তাকে কারাগারে থাকতে হয়েছে। আজকে মানুষ শপথ নিয়েছে আর এই অন্যায় অবিচার নয়; এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, তাদের অধীনে আর নয়।
বিএনপির মহাসচিব আরও বলেন, এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই। সংসদে এমন আইন পাস করা হয়, যে আইনের মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে। এখানে জনগণের জন্য কোনো কাজ করা হয় না। এখন আর কথা বলার সময় নেই। এখন একটাই কথা সেটি হলো, এই অবৈধ লুটেরা সরকারের পতনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। তিনি বলেন, সুনামি এলে দেয়াল দিয়ে ঠেকিয়ে রাখা যাবে না, ঝড় এলে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা যাবে না। অনেক বাধা দিয়েও আজকের সমাবেশ বানচাল করতে পারেনি। এই সরকার বাংলাদেশবিরোধী সরকার, এই সরকার গণতন্ত্রবিরোধী সরকার, এই সরকার বাংলাদেশের জনগণবিরোধী সরকার।
মির্জা ফখরুল বলেন, আমাদের সংবিধানের সবচেয়ে বড় যে জিনিস সেটি হলো, মানুষের অধিকার। আর এই সরকার সেই অধিকার কেড়ে নিয়েছে। ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছে। আমরা এমন একটি ভোট চাই, যেখানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সেই ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করব। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। দুপুর ২টার দিকে সমাবেশ শুরু হয়। সকাল থেকেই সমাবেশে দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। দুপুর ১২টার মধ্যেই বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণে ভরে যায় সমাবেশস্থল। সমাবেশের শুরুতে অংশ নেওয়া নেতা-কর্মীদের উজ্জীবিত রাখতে বিএনপি কার্যালয়ের সামনে তৈরি করা মঞ্চে গান পরিবেশন করা হয়। গান পরিবেশনের ফাঁকে ফাঁকে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতারা বক্তব্য দিতে থাকেন।


আওয়ামীলীগ : বিএনপি শেখ হাসিনার কাছে পরাজিত হবে, ভেসে যাবে, এজন্য তারা শেখ হাসিনাকে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির দফা একটি- শেখ হাসিনার পদত্যাগ। আমাদেরও দফা একটা- শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন নয়। নির্বাচন শেখ হাসিনার আমলেই হবে, নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ যাকে ভালোবাসে। বুধবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কারও কর্মসূচিতে বাধা দেবে না। কারও কর্মসূচিতে বাধা হবো না। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধা দিতে আসলে প্রতিহত করবো। বাংলাদেশ কোনো অপশক্তির সঙ্গে আপস করবে না। যাদের হাতে রক্তের দাগ, তাদের সঙ্গে আপস বা সংলাপ নয়। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যেই নেত্রীর (শেখ হাসিনা) সততাকে পছন্দ করে। তিনি সারারাত জেগে জেগে জনগণের কথা ভাবেন। আমরা এমন নেত্রীকে হারাতে চাই না।
তারা (বিএনপি) শেখ হাসিনার কাছে পরাজিত হবে, ভেসে যাবে, এজন্য তারা শেখ হাসিনাকে চা না। উন্নয়ন যাদের পছন্দ নয়, তারা শেখ হাসিনাকে চায় না। তার অপরাধ তিনি উন্নয়ন করেছেন। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আজকেও অনেক লোক আনার চেষ্টা করেছে। স্বপ্ন দেখেছে। আগেও স্বপ্ন দেখেছিল, ওই স্বপ্ন গভীর রাতে গরুর হাটে মারা গেছে। এখনকার এক দফার স্বপ্নও নয়াপল্টনের কাদা-পানিতে আটকে গেছে।
এসময় তিনি তার চিরাচরিত ঘোষণা দেন। ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, মোকাবিলা হবে। কোনো অপশক্তির কাছে আমরা আপস করবো না। নেতাকর্মীদের তিনি বলেন, ‘মাঠে আছেন, থাকবেন। বিএনপির এক দফা। আমাদেরও এক দফা- সংবিধান সম্মত নির্বাচন। সুত্র : বাংলানিউজ ও জাগো নিউজ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।