লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে বিদ্যালয় ভবন ভাঙার পাঁয়তারা !
ভোলায় প্রসারিত হচ্ছে অনলাইনে নারী উদ্যোক্তাদের ব্যবসা
শুরু হচ্ছে পণ্য মেলা

শিমুল চৌধুরী ॥ ভোলায় অনলাইন ভিত্তিক নারী উদ্যেক্তাদের বিভিন্ন পণ্যের ব্যবসা প্রসারিত হচ্ছে। গত কয়েক বছর ধরে এ দ্বীপ জেলায় পোশাক, বিভিন্ন খাদ্যদ্রব্য, কসমেটিক্স, জুয়েলারী, অর্নামেন্টসসহ নানান পণ্যের ব্যবসা জনপ্রিয়তা পেয়েছে। অনেক নারীই আগ্রহী হয়ে উঠছেন ডিজিটাল এ প্লাটফর্মে যুক্ত হয়ে ব্যবসা পরিচালনার জন্য। এতে ঘরে বসেই পরিবারের কাজের পাশাপাশি বাড়তি উপার্জনের সুযোগ পাচ্ছেন উপকূলের নারীরা। অল্প পুঁজিতে নারীরা অনলাইন ব্যবসার মাধ্যমে নিজেদের সফলভাবে প্রকাশ করছেন। অনেকে এ ব্যবসায় স্বাবলম্বী হচ্ছে। কেউ কেউ মাসে লাখ টাকা বা তার চেয়ে বেশি আয় করছেন। জেলায় প্রায় দুই শতাধিক নারী উদ্যোক্তা অনলাইন ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। ক্রমশ এর সংখ্যা বাড়ছে।
স্থানীয়ভাবে মূলত অনলাইনে মানুষের খাদ্য পণ্য ও পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। অনলাইনে অর্ডারের পর নির্ধারিত সময়ে ক্রেতার পছন্দনীয় পণ্য দরজায় পৌঁছে যায় বিশ্বস্ততায়। প্রথম দিকে এ ব্যবসায় পুরুষের সাথে নারীদের অংশগ্রহণ ছিলো সীমিত। গত প্রায় দুই বছরে এ কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বেড়েছে। বিশেষ করে করোনাকালীন সময়ে অনেক নারীই ঘরে বসে এ ব্যবসা শুরু করেন। যা পরবর্তীতে অনেকে চালিয়ে যাচ্ছেন।
এদিকে, অনলাইনে পণ্যে ক্রেতাদের বিশ্বাস বাড়াতে আয়োজন করা হয়েছে অনলাইন পণ্যমেলার। শনিবার থেকে সোমবার পর্যন্ত শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। ভোলা ওমেন্স ই-কমার্স প্লাটফর্ম নামে একটি নারী অনলাইন উদ্যোক্তা সংগঠন এ পণ্য মেলার আয়োজন করেছে।
এ বিষয়ে মেলা উদযাপন কমিটির সভাপতি এসবি বিথী ও সহ সভাপতি মুজিযা রহমান পূণ্য বলেন, অনলাইনে পণ্যে ক্রেতাদের বিশ্বাস বাড়াতে আমরা তিন দিনব্যাপী অনলাইন পণ্যমেলার আয়োজন করেছি। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আব্দুর রব স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন। মেলায় বিভিন্ন পণ্যের ১৫টি স্টল থাকবে। এসব স্টলে পোশাক, বিভিন্ন খাদ্যদ্রব্য, কসমেটিক্স, জুয়েলারী, অর্নামেন্টসসহ নানান পণ্যের পসরা সাজিয়ে রাখা হবে।
এ ব্যাপারে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ইকবাল হোসেন বৃহস্পতিবার সকালে ভোলার বাণীকে জানান, সাম্প্রতিক ভোলায় নারীরা অনলাইন ভিত্তিক বিভিন্ন ব্যবসায় জড়িত হয়ে স্বাবলম্বী হচ্ছেন। এতে করে ওই নারীর পরিবার ও দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। আমরা চাই প্রতি ঘরে ঘরে এ উদ্যোক্তা সৃষ্টি হোক।
