মৎস্যসম্পদ রক্ষায় মনপুরায় কোস্টগার্ড-মৎস্য বিভাগের যৌথ অভিযানে আটক ৮৫ লাখ টাকার অবৈধ জাল
অবশেষে পি কে হালদার গ্রেফতার ॥ নাম বদলে ছিলেন পশ্চিমবঙ্গে

ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) চারজনকে গ্রেফতার করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। তিনি এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পি কে হালদার নিজেকে শিব শংকর হালদার পরিচয় দিয়ে ভারতের বেশ কিছু সরকারি পরিচয়পত্র জোগাড় করেছিলেন। শনিবার (১৪ মে) তাদের গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অভিযান চালায় দেশটির গোয়েন্দা সংস্থা।
ইডি জানায়, পি কে হালদার রেশন কার্ড, ভারতীয় ভোটার আইডি কার্ড, আয়কর দপ্তরের পরিচয়পত্র পি এ এন (প্যান) এবং আধার কার্ডের মতো বিভিন্ন ভারতীয় সরকারি পরিচয়পত্র জালিয়াতি করে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে অবস্থান করছিলেন। তিনি সেখানে পি কে শিব শংকর হালদার নামে নিজেকে পরিচয় দিতেন ও ভারতীয় নাগরিক হিসেবে দাবি করতেন।
জানা গেছে, উত্তর ২৪ পরগনা, কলকাতা এবং দক্ষিণ ২৪ পারগনার বিভিন্ন এলাকায় পি কে হালদার ও তার সহযোগীরা স্থাবর সম্পত্তি কিনেছেন। বর্তমানে সেগুলো সিলগালা করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে প্রশান্ত কুমার হালদার, প্রীতিশ কুমার হালদার, প্রাণেশ কুমার হালদার এবং তাদের সহযোগীদের গ্রেফতারে অভিযান চালায় ইডি।
