ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন, ২ কোটি টাকার ফসল নষ্ট
প্রধানমন্ত্রীর এ বছরের শুভেচ্ছা বার্তায় ভোলার দুই প্রতিবন্ধী শিক্ষার্থীর আঁকা ছবি ॥ পেলেন উপহার

ভোলার দুই প্রতিবন্ধী শিক্ষার্থীর আঁকা ছবি স্থান পেয়েছে এ বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তায়। পেয়েছেন প্রধানমন্ত্রী’র দেয়া ১ লাখ টাকা উপহার ও স্বীকৃতি। সম্প্রতি প্রধানমন্ত্রীর দেয়া এ উপহার গ্রহন করেন তারা। তাদের এই সাফল্যের কারণে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।
সূত্রে জানা গেছে, ভোলার পশ্চিম চরনোয়াবাদে অবস্থিত “ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী কেন্দ্র” টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখা-পড়ার পাশাপশি বিভিন্ন দিকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদেরকে যোগ্য করে গড়ে তুলছে। তারা যেন লেখা-পড়ার সাথে সাথে নিজস্ব দক্ষতার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। বিভিন্ন দিকে যে প্রশিক্ষণ দিচ্ছে তার মধ্যে একটি হচ্ছে প্রতিবন্ধীদের “ছবি আঁকা”। এই ছবি আঁকার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মনের মাধুরি মিশিয়ে মুক্তিযুদ্ধ, প্রকৃতি, দেশ-মাটি ও মানুষের বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলছে।

এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী-ই তাদের আঁকা ছবি প্রধানমন্ত্রী বরাবর পাঠিয়েছেন। তাদের মধ্য থেকে এ বছর দুইজন শিক্ষার্থীর আঁকা ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার “Happy New Year-2021” শুভেচ্ছা বার্তায় স্থান করে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তায় স্থান করে নেয়া শিক্ষার্থীরা হলেন, (মুখ ও বধিঁর) এসএসসি’র শিক্ষার্থী মোঃ শাহাদাত হোসেন এবং ৮ম শ্রেণীর শিক্ষার্থী মোঃ বিপ্লব। এ ছবির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে উপহার স্বরূপ এ দুই শিক্ষার্থীর জন্য (প্রত্যেক কে আলাদা আলাদা) ১ লাখ টাকা প্রদান করেন। তাদের এ সাফল্যে প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনেকেই।

ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী কেন্দ্র’র দুই শিক্ষার্থীর এ সাফল্যে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ জাকিরুল হক। তিনি বলেন, এই দুই শিক্ষার্থীর সাফল্যের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের সুনাম আরো বৃদ্ধি পেয়েছে। এটা আমাদের জন্য গৌরব ও আনন্দের। তিনি আরো বলেন, শুধু এই দুই শিক্ষার্থী-ই নয়; এর আগে আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী তাদের নিজস্ব প্রতিভা বিকাশের মাধ্যমে ছবি এঁকে যেমনি নিজেদের দক্ষতা তুলে ধরেছেন। ঠিক তেমনি-ই তাদের কাজের মূল্যায়ন স্বরূপ পেয়েছে স্বীকৃতি ও উপহার। আমাদের এই ধরা অব্যাহত থাকবে।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী কেন্দ্র’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ জাকিরুল হক এমন তথ্য জানিয়েছেন।
