সর্বশেষঃ

ভোলায় জলের ওপর নীলচে-বেগুনি ফুলের মেলা, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

শরীফ হোসাইন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ সবুজ পাতার ফাঁকে হালকা নীলচে বেগুনির পাপড়ি। পাপড়ির মাঝামাঝি অংশে নীলের ছোপ। সেই ছোপের কেন্দ্রে আবার হলুদের ছোপ। সব মিলে নীল বেগুনি আর হলুদে ফোটা কচুরিপানার ফুলে ফুলে যখন জলাশয় ছেয়ে যায়, তখন তা জলরঙে আঁকা চিত্রকর্ম বলে মনে হয়। ভোলা সদর উপজেলার বিভিন্ন খাল, বিল, ডোবা এমন চিত্রকর্মে সাজিয়েছে প্রকৃতি নিজেই। তীব্র খরতাপের মধ্যেও প্রকৃতির এই সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার বিভিন্ন জলাশয় ঘুরে দেখার সময় চোখে পড়ে কচুরিপানা ফুলের এমন মনোরম দৃশ্য। পাশের পথ দিয়ে যাওয়ার সময় অনেকেই থমকে দাঁড়াচ্ছেন সে দৃশ্য দেখে। কেউ মুঠোফোনে ছবি তুলছেন, কেউ ফুলের সঙ্গে ক্যামেরাবন্দি করছেন নিজেকে। কচুরিপানা মুক্তভাবে ভাসমান এক ধরনের বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ।
আদি নিবাস দক্ষিণ আমেরিকায়। চকচকে সবুজ পাতার মাঝখান থেকে লম্বা ডাঁটায় গুচ্ছাকারে ফোটে ছয় পাপড়ির ফুল। দ্রুত বংশবিস্তার করতে সক্ষম এই উদ্ভিদ সাধারণত খাল, বিল, পুকুর ও নিচু জলাশয়ে জন্মে। একসময় জলাশয় দখল করে বেড়ে ওঠা এই উদ্ভিদই ফুল ফোটার মৌসুমে গ্রামীণ প্রকৃতিতে যোগ করতো ভিন্ন মাত্রা। ফুলটি শিশুদের কাছেও আকর্ষণীয়।
সৌন্দর্যের পাশাপাশি কচুরিপানার রয়েছে নানা ব্যাবহারিক দিক। এটি দিয়ে জৈব সার প্রস্তুত হয়। বন্যাপ্রবণ এলাকায় কচুরিপানার ভাসমান স্তর ব্যবহার করে সবজি চাষের প্রচলন রয়েছে। এ ছাড়া শুকিয়ে জ্বালানি ও গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহার করেন অনেকে। তবে অতিরিক্ত বংশবিস্তারের কারণে জলাশয়ের স্বাভাবিক পরিবেশ ও পানিপ্রবাহ ব্যাহত হয়।
সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, এলাকার প্রায় সব জলাশয়েই এখন কম-বেশি কচুরিপানায় ফুল ফুটেছে, যা দেখতে ভাল লাগছে। জলাশয় পরিষ্কারের সময় কচুরিপানা তুলে রোদে শুকিয়ে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। গবাদি পশুর খাদ্য হিসেবেও রয়েছে এর ব্যবহার রয়েছে।
সৌন্দর্য উপভোগ করতে আসা স্থানীয় শিক্ষার্থী সুমাইয়া আক্তার জানান, পড়াশোনার প্রতিদিনের একঘেয়েমি কাটাতে জলাশয়জুড়ে ফোটা ফুলের এই রূপ মনকে নিমেষেই সতেজ করে তোলে।
কাজের ফাঁকে ঘুরতে আসা দর্শনার্থী ওমর ফারুক বলেন, যান্ত্রিক জীবনের ব্যস্ততার পর গ্রাম-বাংলার এমন শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য মনে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়।
তবে প্রকৃতিতে এই পরিবর্তনের মাঝে স্মৃতিকাতরতা ফুটে উঠেছে প্রবীণদের কণ্ঠে। গ্রামের পঁচাত্তর বছর বয়সী প্রবীণ বাসিন্দা আলমগীর কিছুটা আক্ষেপ করে জানান, আগের মতো বিলে-ঝিলে তেমন একটা কচুরিপানা বা তার ফুল চোখে পড়ে না, যা একসময় খুব সাধারণ দৃশ্য ছিল।
এদিকে স্থানীয় পরিবেশবিদদের মতে, কচুরিপানার পুষ্পিত রূপ জলাশয়ের নান্দনিক সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তুললেও অতিরিক্ত কচুরিপানা জলাশয়ের স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর হতে পারে। ঘন পাতার কারণে পানিতে সূর্যালোক ও অক্সিজেন প্রবেশ ব্যাহত হয়ে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি জলাশয়ের সঠিক ব্যবস্থাপনার ওপরও জোর দেওয়া উচিত।
ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মহিবুল্লাহ বলেন, একসঙ্গে এত ফুল ফোটায় এর সৌন্দর্য সত্যিই অন্য রকম। ফুলের পাপড়ির নকশা ও রঙের বৈচিত্র্য সহজেই মানুষকে আকৃষ্ট করে।


বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ের ইতিহাসের প্রভাষক মো: সেলিম বলেন, কচুরিপানা আমাদের দেশের নদী, খাল-বিল, পুকুর ও জলাশয়ের অতি পরিচিত একটি জলজ উদ্ভিদ। সাধারণত কচুরিপানাকে আমরা জলাশয়ের আগাছা হিসেবেই বিবেচনা করি। কিন্তু এই উদ্ভিদের বেগুনি-নীলচে ফুলের দিকে একটু গভীরভাবে তাকালে প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্য চোখে পড়ে। বিশেষ করে সকালের আলোয় কচুরিপানার ফুল যেন জলাশয়ের বুকে প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি।
একজন শিক্ষক হিসেবে আমি মনে করি, প্রকৃতিকে শুধু উপযোগিতার দৃষ্টিতে দেখলে চলবে না; প্রকৃতির সৌন্দর্য, বৈচিত্র্য ও পরিবেশগত গুরুত্বও আমাদের উপলব্ধি করতে হবে। কচুরিপানার ফুল আমাদের সেই উপলব্ধির একটি সুন্দর উদাহরণ। যে উদ্ভিদকে আমরা অনেক সময় অবহেলা করি, তার মধ্যেও লুকিয়ে রয়েছে অপূর্ব সৌন্দর্য।
তবে কচুরিপানার অতিরিক্ত বিস্তার জলাশয়ের স্বাভাবিক পরিবেশের জন্য সমস্যা তৈরি করতে পারে। এটি পানির উপরিভাগ ঢেকে সূর্যের আলো প্রবেশে বাধা সৃষ্টি করে, পানিতে অক্সিজেনের ভারসাম্য নষ্ট করতে পারে এবং মাছের স্বাভাবিক বিচরণ ও জলজ জীববৈচিত্র্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই কচুরিপানার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এর নিয়ন্ত্রিত ব্যবস্থাপনাও জরুরি। আমাদের শিক্ষার্থীদের প্রকৃতির প্রতিটি উপাদানকে পর্যবেক্ষণ করতে শেখা উচিত। একটি কচুরিপানার ফুল থেকেও জীববিজ্ঞান, পরিবেশবিজ্ঞান, সৌন্দর্যবোধ ও প্রকৃতিপ্রেমের শিক্ষা পাওয়া সম্ভব। আমার বিশ্বাস, প্রকৃতির সৌন্দর্য কখনো অবহেলার বিষয় নয়। কচুরিপানার ফুল আমাদের মনে করিয়ে দেয়-সৌন্দর্য সবসময় দামি বাগানে জন্মায় না, কখনো কখনো অবহেলিত জলাশয়ের বুকেও প্রকৃতি তার শ্রেষ্ঠ শিল্পকর্মটি ফুটিয়ে তোলে।
ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কামরুল হাসান বলেন, আমাদের বিভিন্ন খাল, বিল ও নিন্মাঞ্চলে প্রচুর কচুরিপানা দেখতে পাওয়া যায়। এর ফুলগুলো দেখতেও ভাল লাগে। কিন্তু এটা আমাদের পরিবেশ বান্ধব নয়। আমাদের দেশে আবাদি জমি থেকে বছরে দুই থেকে তিনবার ফসল উৎপাদন করা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করে। এই রাসায়নিক সার ব্যবহার না করে চকুরিপানাকে প্রক্রিয়ার মাধ্যমে জৈব সারে রুপান্তরিত করে কৃষি জমিতে ফসল উৎপাদনে ব্যবহার খুবই উপকারী। কৃষি কর্মকর্তা বলেন, জলাবদ্ধ এলাকার কচুরিপানা ব্যবহার করে পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদন করা হলে তাতে পুষ্টির যোগান হবে, পাশাপাশি পচা কচুরিপানা জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করে জমির উর্বরতা শক্তি বাড়ানো সম্ভব হবে।

মৌসুমের এই সময়ে কচুরিপানার ফোটা ফুল মনে করিয়ে দিচ্ছে-গ্রামবাংলার আসল রূপ কেবল কোনো নির্ধারিত পর্যটনকেন্দ্রেই সীমাবদ্ধ নয়; বরং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গ্রামীণ জলাশয় আর চেনা-অচেনা প্রকৃতিতেই।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।