সর্বশেষঃ

চাকরি স্থায়ীকরণের দাবিতে ঢাকায় যাচ্ছেন ভোলা সরকারি কলেজের কর্মচারীরা

ক্যাম্পাস প্রতিনিধি: চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও স্থায়ীকরণের ১ দফা দাবি নিয়ে ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন ভোলা সরকারি কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। সরকারি কলেজের বেসরকারি কর্মচারী পরিষদ, ভোলা সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক আলোচনা সভা শেষে ঢাকায় যাওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

​সংগঠন সূত্রে জানা গেছে, সরকারি কলেজে বেসরকারি কর্মচারী পরিষদের কলেজ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. ছালেম-এর নেতৃত্বে ভোলা থেকে কর্মচারীদের একটি প্রতিনিধি দল ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের অবস্থান কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন। এই প্রতিনিধি দলে আরও রয়েছেন পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সবুজ, সক্রিয় সদস্য মো. সাইফুল ইসলাম, মো. আলামিন মিঠু এবং মো. শফিকুল ইসলামসহ অন্যান্য সহকর্মীরা।

​আলোচনা সভায় বক্তারা জানান, ভোলা সরকারি কলেজসহ দেশের প্রায় ৩৫০টি সরকারি কলেজে হাজার হাজার কর্মচারী দীর্ঘ ২০ থেকে ৩৫ বছর ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে সেবা দিয়ে আসছেন। কিন্তু আজও তাঁদের চাকরি স্থায়ী করা হয়নি। বর্তমান বাজারে মাত্র ৮ থেকে ১২ হাজার টাকা বেতনে পরিবার নিয়ে চরম মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাঁদের।

​নেতৃবৃন্দ অভিযোগ করেন, দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতা বিবেচনা না করে নতুন নিয়োগের মাধ্যমে পদে পদায়ন করা হচ্ছে, যা চরম বৈষম্যমূলক।

​এ অবস্থায় চাকরি স্থায়ীকরণ ও রাজস্ব খাতে স্থানান্তরের ১ দফা দাবিতে আগামী ২৫ অক্টোবর ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখান থেকে শিক্ষা অধিদপ্তর (ডিজি অফিস) ও সচিবালয় অভিমুখে যাত্রা এবং স্মারকলিপি প্রদান করা হবে।
​ভোলা সরকারি কলেজের কর্মচারীরা আশা প্রকাশ করেন, সরকার তাঁদের দীর্ঘদিনের বঞ্চনা ও আর্থিক অনিশ্চয়তার কথা বিবেচনা করে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি দ্রুত বাস্তবায়ন করবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।