সর্বশেষঃ

ভোলায় ২৫ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

ভোলায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ১০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকাল ১১টায় সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাগারহাট বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।
​মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করে বলেন, হাওলাদার মার্কেট থেকে বাপ্তা বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক নির্মাণকাজে নিম্নমানের করা হচ্ছে। এছাড়া খালের পাশের ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং না করায় ইতোমধ্যেই বিভিন্ন স্থানে সড়ক ধসে পড়তে শুরু করেছে।

স্থানীয় শিক্ষক মোসলেউদ্দিন মাস্টার ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘ প্রায় আট বছর ধারাবাহিক আন্দোলনের পর আমরা এই সড়কটির জন্য সরকারি বরাদ্দ পেয়েছি। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম করলে সড়কটি ফের ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। গত ২ অক্টোবর এই সড়কের ত্রুটির কারণে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে আমার পা ভেঙে গেছে।
​তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বলেন, সরকারি চুক্তি অনুযায়ী সমস্ত নিয়ম ও মান বজায় রেখেই নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে।
​এদিকে স্থানীয় বাসিন্দারা আরও জানান, সড়কটির ভারবহন বা ধারণক্ষমতা সর্বোচ্চ ৮ টন।

অথচ গত তিন বছর ধরে বেহাল থাকা এই সড়কটি নতুন করে নির্মাণের কাজ চলাকালেই ‘শেলটেক সিরামিক্স’-এর ২৫ থেকে ৩০ টনের ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করছে। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে মাত্রাতিরিক্ত ওজনের গাড়ি চলাচল করলে নতুন কাজ শেষ হওয়ার পর এক বছরও রাস্তাটি টিকবে না। ফলে বিগত তিন বছরের মতো আবারও স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হবে। তাই এই সড়কে ৮ টনের বেশি ওজনের গাড়ি যেন কোনোভাবেই চলাচল করতে না পারে সে বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন তারা।

​এ বিষয়ে এলজিইডির ভোলা সদর উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক জানান, “সড়কটির নির্মাণকাজ বর্তমানে চলমান রয়েছে এবং কাজ পুরোপুরি শেষ হতে আরও কিছু সময় লাগবে। কাজের ক্ষেত্রে কোথাও কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।”
​তবে এলাকাবাসীর জোর দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্মাণকাজের গুণগত মান সরেজমিনে যাচাই করা হোক এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।